Wednesday, 18 October 2023

কলকাতা প্রেস ক্লাবে ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের বৈঠক




 দৃষ্টি বাংলা  কলকাতা - গতকাল বুধবার কলকাতা প্রেস ক্লাবে  ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন (ভারত) আয়োজিত " শিকড়ের সন্ধানে ভারত ও বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সেখানে ভারত বাংলাদেশের যৌথ নাগরিকের শিক্ষা সংস্কৃতি আগামী দিনের মৈত্রী সম্পর্ক অটুট রাখার বিষয় নিয়ে এই আলোচনা সভা ছিল। সভায় উপস্থিত ছিলেন বাংলার একাধিক বিদগ্ধ জন, শিক্ষাবিদ,শিল্পী, লেখক, আইনজীবী,সমাজকর্মী। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড: শ্রী গোপাল মিশ্র, কলকাতার যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ ড: শ্রী পঙ্কজ রায়, চন্দননগর গভ: কলেজের অধ্যক্ষ ড: শ্রী দেবাশীস সরকার , সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ড : শ্রী পবিত্র দেবনাথ , আমেরিকাবাসী বাঙালি গবেষক,লেখক, ভারত ও আমেরিকা সরকারের মধ্যে সম্পর্ক স্থাপনে নিযুক্ত সংগঠক শ্রী কাঞ্চন ব্যানার্জী , আইনজীবী শ্রী গোপাল মন্ডল, স্বাধীনতা সংগ্রামী শহিদ প্রফুল্ল চাকীর প্রপৌত্র শ্রী সুব্রত চাকি, চিত্র পরিচালক শ্রী সাধন তালুকদার,কবি শ্রীমতী মিলি দাস,সমাজকর্মী শ্রী সুবীর রায় চৌধুরী প্রমুখ একাধিক গুণীজন। উল্লেখ্য যে, উপস্থিত প্রায় সকলেই সদ্য পুনর্গঠিত হওয়া এই 
সংগঠনের সদস্য ও পদাধিকারী বৃন্দ। মাত্র দশ দিনের চেষ্টায় আশি জন বিশিষ্ট ব্যক্তি এই সংগঠনের সদস্য হয়েছেন এবং আগামী ছয় মাসে এই সংখ্যা হাজার ছাড়াবে বলে সভায় আশা ব্যক্ত করেন সংগঠন তথা সভার সভাপতি শ্রী কাজি মাসুম আখতার মহাশয় । তিনি  সভার প্রথমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পরিস্কার করে উল্লেখ্য করেন। দুটি দেশের কূটনৈতিক, সাংস্কৃতিক,সামাজিক ও মানবিক মিলনের মন্ত্রে এই সংগঠন যেভাবে সেতু হিসাবে কাজ করতে চায় এবং এই সংগঠনের বাংলাদেশে অবস্থিত পুনর্গঠিত পরিপূরক কমিটিকে নিয়ে দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন ইস্যুতে গঠন মূলক পরামর্শ ও সহযোগিতা করতে চায়, তা সভায় শ্রী আখতার তুলে ধরেন। সভার সকলে তার বক্তব্যে সহমত পোষণ করে মাননীয় বক্তাগণ সেমিনারের টপিকের উপর তাদের প্রাঞ্জল ও বুদ্ধিদৃপ্ত বক্তব্য পেশ করেন। আলোচনায় বাংলাদেশ থেকে আগত ছাত্র ও রোগীদের যেভাবে এদেশে,বিশেষ করে কলকাতায় সমস্যায় পড়তে হয়, তা নিরসনে এই সংগঠনকে ভূমিকা নিতে অনুরোধ করা হয়। বাংলাদেশে মৌলবাদের আস্ফালন ,মন্দির, মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা রোধে , এককথায় দুই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক -সহ সর্বক্ষেত্রে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সংগঠনকে ভূমিকা নিতে সভা অনুরোধ করে। বক্তাদের অনেকে তাদের বাংলাদেশ ছেড়ে অর্থাৎ শিকড় ছিঁড়ে চলে আসতে বাধ্য হওয়ার কথা বলতে গিয়ে আবেগমথিত হয়ে পড়েন। সভাপতি শ্রী আখতার ও সভার কনভেনর শ্রী সুবীর রায়চৌধুরী মহাশয় অনিবার্য কারণে
ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশীপ  অ্যাসোসিয়েশনের দুই দেশের সদস্য হওয়ার ন্যূনতম মান সভায় উল্লেখ করে বলেন -- উভয় দেশের প্রতি সহজাত প্রীতি,সততা, শিক্ষা, সহিষ্ণুতা, সংস্কৃতিবোধ, ধর্মনিরপেক্ষতা, ত্যাগ ও তিতিক্ষা এই সংগঠনের সদস্য হওয়ার মূল শর্ত ।এই সংগঠনকে ব্যবহার করে কোনও ধরনের ব্যক্তি স্বার্থ,অসাধুতা বা ভন্ডামী প্রকাশিত হলে সংগঠন থেকে সেই ব্যাক্তি শুধু বহিষ্কৃত হবেন না । তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব । ইতিমধ্যে দুই দেশে কিছু ব্যাক্তিকে আমরা নজরে রেখেছি ।যারা দুই দেশের মধ্যে দুষ্ট চক্রে যুক্ত রয়েছে । আজকের সভায় তাদের বিরুদ্ধে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । দুই দেশের হাই কমিশন ও ভারত ও বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অবগত করা হবে  এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। সভাপতি  সকলকে ধন্যবাদ দিয়ে সভার কাজ শেষ করেন ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: